স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০টি ইয়াবা, ৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার ৩৯৯ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, ২৮ জুলাই রাতে হড়গ্রাম চারখুটা এলাকা থেকে সনজিত কুমার (২৯) নামে এক ব্যক্তিকে ৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মুন্সীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আফরিন (২৫) ও সুইটি খাতুন (৪২)-কে গ্রেপ্তার করা হয়। আফরিনের কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার এবং তার বাড়ি থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, সনজিত ও আফরিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং সুইটি তাদের সহযোগিতা করতেন। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


















