স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গাঁজা সেবনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
গতকাল ২৩ নভেম্বর পরিচালিত অভিযানে মাদক সেবনরত অবস্থায় উত্তর নওদাপাড়া গ্রামের মো. সুজনের ছেলে মো. শান্ত ইসলাম (২৪); বড়বাড়ীয়া গ্রামের মো. টুরু মিয়ার ছেলে মো. বেলাল হোসেন (৩৬); মৃত গাফফারের ছেলে মো. জুয়েল রানা (৩০); মো. ইনতাজ আলীর ছেলে মো. জাহিদ হাসান (২৬) এবং মো. রমজান আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (২৬)-কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে মো. শান্ত ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে মো. বেলাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ ছাড়া গাঁজা সেবনের দায়ে মো. জুয়েল রানাকে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মো. জাহিদ হাসানকে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড এবং মো. রাশেদুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। মাদকের বিস্তার রোধ, মাদকসংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আরএমপির মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।


















