স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। এ সময় অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
গত ২১ নভেম্বর বিকেল ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ এবং এসআরইউ রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভাটাপাড়া (কাদের মণ্ডলের মোড়) গ্রামের মৃত আনিস উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে লিটন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাঁর হেফাজত থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। ফোনটি তল্লাশি করে একটি সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি মোবাইল নম্বর, অনলাইন জুয়া ও বেটিংসংক্রান্ত তিনটি অ্যাপ এবং একটি জিমেইল আইডি পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। সে রাজশাহীতে অনলাইন জুয়া পরিচালনাকারীদের অন্যতম একজন। তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হচ্ছে

















