স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া, কাটাখালী, বেলপুকুর ও শাহমখদুম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবন ও চুরির প্রস্তুতির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পরে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
গত ২২ নভেম্বর আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মো. তুহিন; রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা গ্রামের মো. বাদশার ছেলে মো. সেলিম; একই এলাকার মো. নুরুজ্জামানের ছেলে মো. মারুফ হোসেন এবং রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মৃত হাবলের ছেলে মো. সোহেল। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তারা অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে আজ ২৩ নভেম্বর ২০২৬ তারিখে কাটাখালী থানা পুলিশ অভিযান চালিয়ে পরিবারের সহায়তায় মাদক সেবনরত অবস্থায় মো. রসুল (২৮)-কে গ্রেপ্তার করে। তিনি কাটাখালী থানাধীন বেলঘড়িয়া গ্রামের মো. নবাব আলীর ছেলে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে একই দিন বেলপুকুর থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় চুরির প্রস্তুতিকালে মো. রিদয় হোসেন (২৮)-কে গ্রেপ্তার করে। তিনি মতিহার থানাধীন চার সাতবাড়িয়া গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তাছাড়াও আজ ২৩ নভেম্বর ২০২৬ তারিখে শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মো. জসিম উদ্দিন’কে গ্রেপ্তার করে। তিনি একই থানার উত্তর নওদাপাড়া গ্রামের মো. নাজির উদ্দিনের ছেলে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজশাহী মহানগরীতে মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে আরএমপির নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















