রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মালামাল রাখার বক্স থেকে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহীর একটি আভিযানিক দল।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাত ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উপস্থিত বাসযাত্রীদের ভাষ্যমতে, এসআরবি সদস্যদের চেকপোস্টের তথ্য জানতে পেরে বাসটি চেকপোস্টে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যায়।
বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সন্দেহভাজন ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসটিতে উঠেছিল। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
পলাতক সন্দেহভাজন যাত্রীর পরিচয় ও অবস্থান শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তী সময়ে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।


















