রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন প্রতারণার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় রাজশাহী ও বগুড়ার দুটি জুয়েলারি দোকান থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার খিলক্ষেত থানার জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার ‘মা জুয়েলার্স’-এর মালিক মোঃ রোমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাজশাহীর সাহেববাজারের ‘আশা জুয়েলারি স্টোর’ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১১৫টি জাল নোট দিয়ে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যান রিয়াজুল। নিজেকে সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে তিনি এ প্রতারণা করেন। পরে চেইনটি ঢাকার একটি জুয়েলারি দোকানে বিক্রি করেন।
এ ছাড়া গত ৬ অক্টোবর বগুড়ার ‘তামান্না জুয়েলার্স’ থেকেও একই কৌশলে ১ লাখ ২২ হাজার টাকার জাল নোট দিয়ে আরেকটি স্বর্ণের চেইন আত্মসাৎ করেন তিনি। পুলিশ দুটি চেইনই উদ্ধার করেছে। এ সময় রিয়াজুলের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৯৭২ টাকা জব্দ করা হয়।
আরএমপি জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। রিয়াজুলের বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ ও ঢাকার খিলক্ষেত থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















