ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবকে এক নারীসহ আটকের পর বর্তমানে ওই থানায় রাখা হয়েছে। তবে আটকের কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা গেছে, শুক্রবার সকালে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার একটি কক্ষে সানজিনা মৌ নামের এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন সাবেক ওসি মাহবুব। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি জানতে পেরে ওই কক্ষটি ঘিরে ফেলেন। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
স্থানীয়দের দাবি, ওই কক্ষের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে তাদের বের করে আনেন।
ঘটনাস্থলে সাবেক ওসি মাহবুব ওই নারীকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে। তবে এ দাবির সমর্থনে তাৎক্ষণিকভাবে কোনো বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে, তার সঙ্গে থাকা নারী প্রকৃতপক্ষে তার স্ত্রী কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করে দেখছে সংশ্লিষ্টরা।
আটকের পর সাবেক ওসি মাহবুব ও ওই নারীকে চন্দ্রিমা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এঘটনায় চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

















