নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব-৫। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার কিশোরপুর মালোপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৩ বোতল ইস্কাফ (কোডিনযুক্ত), ৩৯ বোতল রেক্টিফায়েড কফ সিরাপ, ৪ বোতল ওল্ড মঙ্ক রাম (১৮০ মিলি), ৫ বোতল ওল্ড মঙ্ক রাম (৩৭৫ মিলি), ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি এবং ২ বোতল অফিসার্স চয়েস হুইস্কি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো মালিককে পাওয়া যায়নি। পরে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।

















