‘নারীর মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান’
রাজশাহী প্রতিনিধি: ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ি’—এমন প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহীতে সচেতনতামূলক র্যালি করেছে ইনার হুইল ক্লাব অব রাজশাহী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত এ র্যালিতে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ইনার হুইল ক্লাব অব রাজশাহীর প্রেসিডেন্ট সৈয়দা জিন্নাত তানজিম। এতে আরও উপস্থিত ছিলেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডা. নাদিরা বেগম, সেক্রেটারি ডা. মারজানা সাবিহাসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
র্যালিতে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি সভ্য সমাজের অন্যতম প্রধান শর্ত। শুধু আইন প্রয়োগ নয়, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে।
ইনার হুইল ক্লাব অব রাজশাহীর এ উদ্যোগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, সম্মিলিত সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়েই গড়ে উঠবে নারীর জন্য নিরাপদ, সম্মানজনক ও সহিংসতামুক্ত সমাজ।


















