সনি বাংলা ডেস্ক: নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ের আসরে বরকে দেওয়া মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেছে কনের পরিবার।
বুধবার বিকেলে মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামে সুনামগঞ্জের ধর্মপাশার তাওফিকুর রহমানের সঙ্গে নিজাম উদ্দিনের মেয়ে সাদিয়া আক্তারের বিয়ের আসর বসে। সেখানে বোরকা পরা এক তরুণীর দেওয়া মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলে বিয়ে না করেই ফিরে যান বরযাত্রীরা।
তবে সরেজমিনে গেলে কনের বাবা নিজাম উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের পরিবার ধর্মভীরু এবং তার মেয়ে পর্দার ভেতরেই বড় হয়েছে। তিনি বলেন, “বিয়ে ভাঙার ইচ্ছে থাকলে আগেও ভাঙতে পারতাম, বিয়ের দিন নিজের ও পরিবারের সম্মান নষ্ট করতাম না। আমার মেয়ের জীবনটাই শেষ হয়ে গেল।”
স্থানীয় এলাকাবাসীও জানান, ছোটবেলা থেকে দেখে আসা এই পর্দাশীল মেয়েটি কখনো মোবাইল ফোনও ব্যবহার করেনি। তার পক্ষে এমন কাজ কোনোভাবেই সম্ভব নয়।
কনের পরিবারের দাবি, বোরকা পরা বহিরাগত ওই তরুণীই বরের সঙ্গে কোনো গোপন যোগসূত্রের জেরে পরিকল্পিত চক্রান্ত করে বিয়েটি ভেঙে দিয়েছে। এ ঘটনায় বিয়ের বিপুল আয়োজন ও জিনিসপত্রের ক্ষয়ক্ষতির পাশাপাশি চরম সামাজিক মানহানিতে শোকে কাতর হয়ে পড়েছে পরিবারটি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকায় এ ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সত্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


















