নিজস্ব প্রতিবেদক: সারাদেশের মতো রাজশাহী মহানগরীতেও আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এদিন ৬৬ হাজার ৬২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৭১৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯০৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
রাসিক প্রশাসক বলেন, “বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও শিশুদের অপুষ্টিজনিত মৃত্যুর হার কমাতে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরবাসীর সহযোগিতায় এটি সফলভাবে বাস্তবায়ন করা হবে।”
ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজশাহী মহানগরীর ৩৮৪টি কেন্দ্রে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোর পাশাপাশি ভ্রাম্যমাণ কেন্দ্রেও শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইনটি জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত হবে। রাজশাহী সিটি কর্পোরেশন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
রাজশাহী মহানগরীতে এই ক্যাম্পেইন সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।





