ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে একজন প্রতারককে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। তার নাম মো. মেহেদী হাসান।
সোমবার (৪ মার্চ) বিকেলে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান নগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, মেহেদী হাসান এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে ২০১২ সালে চাকরি থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়। সোমবার বিকেলে তিনি পদ্মা আবাসিক এলাকায় ৬ নম্বর রোডে আরডি এইড ফার্মা অফিসে এনএসআই সদস্য পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। সে অফিস থেকে খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে আটক করে।
ওসি আরও বলেন, তার কাছ থেকে এনএসআইয়ের একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সনি বাংলা ডট কম/ই আবি





