নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বোয়ালিয়া আমলি আদালতে পশ্চিম অঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) জিএম অসীম কুমার তালুকদারের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
ফেসবুক পেজে এটিএন বাংলার রাজশাহীর স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন সম্পর্কে মানহানিকর তথ্য পরিবেশন করায় এ মামলা করা হয়।
আদালত মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য বোয়ালিয়া মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী সাংবাদিক সুজাউদ্দিন ছোটন জানান, গত ৩০ মে ধূমকেতু ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অতিমাত্রার ভিড়ের কারণে নন-এসি বগিতে উঠতে না পেরে কয়েকজন এসি বগিতে উঠে পড়েন। এ সময় পশ্চিম রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার ও তার অধীনস্থরা এসি বগি থেকে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেন। একপর্যায়ে একজন ছাত্রী ও তার মাকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।
এ ঘটনার ভিডিওচিত্র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন তার ফেসবুক পেজে পোস্ট করলে তা ব্যাপকভাবে ভাইরাল হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিএম অসীম কুমার তালুকদার পরদিন তার অফিশিয়াল ফেসবুক পেজ ‘জেনারেল ম্যানেজার ওয়েস্ট’-এ একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে একপর্যায়ে সাংবাদিক সুজাউদ্দিন ছোটনের নাম উল্লেখ করে বলেন ওই ট্রেনের এসিতে তার দুই আত্মীয়কে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন; কিন্তু জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বিনয়ের সাথে সে অনুরোধ রাখতে অপারগতা প্রকাশ করেন; যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সাংবাদিক সুজাউদ্দিন ছোটন মামলায় উল্লেখ করেছেন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহীর অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও অ্যাডভোকেট ওয়াহিদ মাহমুদ প্রিন্স।
তবে ঘটনা সঠিক না বলে দাবি করেছেন জিএম অসীম কুমার তালুকদার। তিনি বলেন, মামলা করায় আমারও মানহানি হয়েছে। বিষয়টি দুখঃজনক বলে তিনি মন্তব্য করেন।
সনি বাংলা ডট কম/ইআবি





