স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধ দমনে আরও জোরালো অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। একই সঙ্গে পুলিশি সেবাকে আরও জনবান্ধব, সেবামূলক ও হয়রানিমুক্ত করতে আরএমপির সকল ইউনিটকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তিনি। শনিবার (১৭ মে) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, পুলিশ কমিশনারের কার্যালয়সহ মেট্রোপলিটন পুলিশের কোনো ইউনিটে সেবা নিতে এসে কোনো ব্যক্তি যেন আর্থিক বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। মাননীয় আইজিপির নির্দেশনা অনুযায়ী প্রতিটি থানাকে “জিরো কমপ্লেইন” থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের যেন কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, রাজশাহী মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভায় তিনি আরএমপির সকল স্তরের পুলিশ সদস্যদের স্বাধীনভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। আগামী দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।





