রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় রাসেলস ভাইপারের কামড় খেয়ে এখন সম্পুর্ন সুস্থ আছেন সেই কৃষক হেফজুল হক। হেফজুল হকের মনে একটা বিশ্বাস ছিল যে তাৎক্ষণিক চিকিৎসা হলে সাপের বিষ লাগবে না। তার ধারণা অ্যান্টিভেনম দিলে শরীরের বিষ পানি হয়ে যাবে। তাই কোনো ওঝার কাছে না গিয়ে সাপ নিয়ে সরাসরি রাজশাহী মেডিকেল গিয়েছিলেন তিনি। তার ধারণা ছিল চিকিৎসকরা সাপ দেখলে সঠিক অ্যান্টিভেনমটা দ্রুত দিতে পারবে। তাই সাপ সঙ্গে ধরে নিয়ে গেছিলেন হাসপাতালে। হেফজুল হক বলেন, রাসেলস ভাইপার যখন কামড়েছে আমি এক সেকেন্ডের জন্য নার্ভাস হইনি। সাপে কামড় দিয়েছে মারা যাব, আমার একবারের জন্যও মনে হয়নি।
তিনি আরও বলেন, রাসেলস ভাইপার যেদিন কামড় দেয় সেদিন দলের অন্য লোকজনের সাথে ধান কাটার কাজ করছিলাম। ধান কাটা শেষ পর্যায়ে। এমন সময় একটা সাপ বের হয়েছে। অন্য শ্রমিকরা সাপ সাপ বলে চিৎকার দিতে শুরু করে। আমি গিয়ে সাপকে ধান কাটা কাচি দিয়ে মাটির সাথে চেপে ধরি। এ সময় সাপটি আমার গালে কামড় দেয়। বিষয়টি তাৎক্ষণিক না বুঝতে পারলেও অন্য শ্রমিকরা জানায়, আমার গালে রক্ত। আমাকে সাপে কামড়ে দিয়েছে। এরপর সাপটিকে বেশ কয়েকবার আছাড় দিয়ে মেরে ফেলি। পরে সাপটিকে নিয়ে দ্রুত বাড়িতে এসে পোশাক পরিবর্তন করে রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয়।
তিনি আরও বলেন, ঘটনার এক ঘণ্টার মধ্যে রাজশাহী মেডিকেলে পৌঁছেছি। ইমার্জেন্সিতে ডাক্তারকে দেখানোর পরে সেখান থেকে আমাকে সরাসরি ওয়ার্ডে ভর্তি করে। তখনও আমার হাতে সাপ ছিল। আমি এই সাপটাকে চিকিৎসকদের দেখিয়েছি। তারা রাসেলস ভাইবার হিসেবে শনাক্ত করেছে। এরপর তারা রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম দিয়ে আমার চিকিৎসা শুরু করেছে। এর মধ্যে দুই ঘণ্টা পরে আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়লে আমাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেফার করে। সেখানে আমার চিকিৎসা শুরু হয়। ২৪ ঘণ্টা আইসিইউতে ছিলাম। চিকিৎসার বিষয়গুলো তেমন মনে নেই। তবে ভালো চিকিৎসা দিয়েছেন তারা। এরপরে আমাকে আবার ওয়ার্ডে দেয়। সেখানে তিন দিন চিকিৎসা শেষে রিলিজ দেয়।
হেফজুল বলেন, হাসপাতালে চিকিৎসকরা তিন দিন পরে আবার ডেকেছিল। তখন গিয়ে লিভার, কিডনি পরীক্ষা দেয়। তবে আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সেই পরীক্ষাগুলো করা সম্ভব হয়নি। বর্তমানে আমি সুস্থ থাকলেও শারীরিক দুর্বলতা কাটেনি। সাপে কামড়ানোর ঘটনার ২৩ দিন আজ। কিন্তু এখনও কাজে যেতে পারিনি। এ নিয়ে কষ্টে আছি। এমন অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশা প্রকাশ করেছেন তিনি।

















