রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে এক ঠিকাদার ও তার বড় ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিটি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. মজিবর রহমান ও তার ছেলে মো. সাহেব আলীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. রাশেদুজ্জামান (৩০) রাসেলের বড় ভাই শহিদুজ্জামান সোহেল (৪৭) বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় জিডিটি করেন। জিডি নম্বর ২০৬৩, তারিখ ২৯ এপ্রিল ২০২৬। তারা উভয়েই বোয়ালিয়া থানার উপশহর এলাকার বাসিন্দা।
জিডি সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ২৯ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে উপশহর ঈদগাহ মাঠের পাশে প্রকাশ্যে শহিদুজ্জামান ও তার ভাই রাশেদুজ্জামানকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় অভিযুক্তরা সুযোগ পেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগকারী শহিদুজ্জামান সোহেল বলেন, “সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে প্রথমে আমার ভাই রাসেলের সঙ্গে অভিযুক্ত মজিবর রহমানের বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার জের ধরে গত ২৯ এপ্রিল বিকেলে মজিবর রহমান ও তার ছেলে সাহেব আলী আমাদের ওপর বহিরাগত লোকজন ভাড়া করে হামলার হুমকি দেন। এ সময় সাহেব আলী তার কাছে থাকা একটি ছোট চাকু বের করে আমাদের দুই ভাইকে প্রাণনাশের হুমকিও দেন।”
তিনি আরও বলেন, “শুধু হুমকি দিয়েই থেমে থাকেননি, বরং ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে হয়রানির হুমকিও দিয়েছেন তারা।”
শহিদুজ্জামান সোহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন সাবেক কলেজ শিক্ষক হয়েও এ ধরনের আচরণ সত্যিই দুঃখজনক। তার মতো একজন শিক্ষকের কাছ থেকে এমন ভীতিকর আচরণ আমরা কখনোই আশা করি না। এ ঘটনায় এলাকার স্থানীয়দের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত মো. সাহেব আলী বলেন, “জিডির বিষয়টি আমার জানা নেই। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। প্রকৃত ঘটনা জানতে হলে ঘটনাস্থল এলাকায় এসে খোঁজ নিলেই বিষয়টি পরিষ্কার হবে।”
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি উপশহর ফাঁড়ির এএসআই জাকির হোসেন তদন্ত করছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





