স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ। তাঁদের কাছ থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন ও দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ১ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে ডিবি পুলিশ পবা থানার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইদুর রহমানের ছেলে আমিনুল (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে পবা থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।
একই দিন সন্ধ্যা ৭টার দিকে রাজপাড়া থানার পূর্ব মোল্লাপাড়া (আলীগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে আজাহার আলীর ছেলে রাসেল হোসেনকে (২৯) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় দুটি মাদক মামলা এবং তানোর থানায় একটি পেনাল কোড আইনের মামলা রয়েছে।
এদিকে, ৩১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে শানু মন্ডলের ছেলে শামীম ইসলাম ওরফে রকিকে (২৪) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, ১ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে পবা থানা পুলিশ পারিলা গ্রামের আক্কাছ শেখের ছেলে নাহিদ শেখকে (৩৫) তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ছয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মতিহার থানা পুলিশ অক্ট্রয় মোড় এলাকায় অভিযান চালিয়ে কাজলা গ্রামের মৃত মেহের আলী প্রামাণিকের ছেলে জলিল প্রামাণিককে (৫৬) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে পাঁচ বোতলে মোট ১ দশমিক ২৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
এ ছাড়া, ১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গুড়িপাড়া ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে রাকিবুল (৪০) নামে একজনকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। তিনি বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


















