অকিউল ইসলাম পরশ: রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (০৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া কলাহাট এলাকার মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোসাঃ জান্নাতুন ফেরদৌস (২৫), মোঃ রিপন আলী শেখ (২২) ও মোছাঃ শারমিন আক্তার (২১)।
মোসাঃ জান্নাতুন ফেরদৌস রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কিসমত কুখুন্ডি বুধপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের মেয়ে। মোঃ রিপন আলী শেখ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কোনাবাড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং মোছাঃ শারমিন আক্তার একই এলাকার বাসিন্দা ও রিপন আলী শেখের স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘সামিক শিশির’ পরিবহনের একটি বাসে মাদক বহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বাসটি পুঠিয়া এলাকায় পৌঁছালে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের সিট নম্বর D3, D4 ও E4-এ অবস্থানরত তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে মহাসড়কের উত্তর পাশে ফাঁকা স্থানে নিয়ে দেহ তল্লাশি করা হয়। এ সময় মোসাঃ জান্নাতুন ফেরদৌসের পরিহিত পায়জামার ডান পাশের টেমর থেকে ৫০ গ্রাম হেরোইন এবং একটি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





