ইফতেখার আলম বিশাল: রাজশাহীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী কৌশলগত পরিকল্পনা উন্নয়ন ২০২৬–৩০ এবং কর্মচারী সক্ষমতা বৃদ্ধি কর্মশালা। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শ্রমিক ও ট্রেড ইউনিয়নের অধিকার রক্ষা, ন্যায্য শ্রমনীতি প্রণয়ন, গবেষণা ও সামাজিক সংলাপ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা বিলস একটি স্বতন্ত্র ও ট্রেড ইউনিয়ন-নিরপেক্ষ গবেষণা ও সক্ষমতা উন্নয়ন প্রতিষ্ঠান। শ্রমজীবী মানুষের স্বার্থে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলসের সেক্রেটারি জেনারেল মো. নজরুল ইসলাম খান। কর্মশালায় ভবিষ্যৎ পরিকল্পনা, কাজের অগ্রাধিকার, শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন এবং সংগঠনের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষের সংখ্যা সাড়ে ৭ কোটি-যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তাই শ্রমিকদের সুরক্ষা, অধিকার রক্ষা এবং ন্যায্য নীতি নিশ্চিত করতে বিলসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, মালিকপক্ষ দিন দিন শক্তিশালী হচ্ছে; এমন পরিস্থিতিতে শ্রমিক স্বার্থ রক্ষায় ট্রেড ইউনিয়নগুলোকে আরও দক্ষ, সচেতন ও সংগঠিত হতে হবে। সরকার ও মালিক পক্ষের স্বার্থ এক হয়ে গেলে শ্রমিকদের ক্ষতি হতে পারে-তাই শ্রমবান্ধব নীতিকে নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বিলসের আজীবন সদস্য ও জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মো. নজরুল ইসলাম, বিলসের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রতিষ্ঠানের সব স্তরের স্টাফরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় বিলসের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা, ২০২৬–৩০ মেয়াদে বাস্তবায়নযোগ্য লক্ষ্য নির্ধারণ এবং শ্রমিকদের পেশাগত উন্নয়নে কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে দিকনির্দেশনা তৈরি করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মশালা বিলসের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে।


















