• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

কুরআনে হাত রেখে নৌকার পক্ষে জনপ্রতিনিধিদের শপথ করালেন এমপি ফারুক

প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৩৫

কুরআনে হাত রেখে নৌকার পক্ষে জনপ্রতিনিধিদের শপথ করালেন এমপি ফারুক

স্টাফ রিপোর্টারঃ জনপ্রতিনিধিদের নিজের পক্ষে রাখতে পবিত্র কুরআন শরীফে হাত রেখে তাদের শপথ করানোর অভিযোগ উঠেছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।


ভিডিওতে দেখা যায়, জনপ্রতিনিধিদের শপথ করানোর দৃশ্যটি নিজের মোবাইল ফোনে ভিডিও করছেন এমপি ওমর ফারুক চৌধুরী।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, শনিবার ঢাকায় ন্যাম ভবনের নিজের ফ্ল্যাটে বসে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের শপথ করান ওমর ফারুক চৌধুরী। রোববার সকালে শপথ করানোর এই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, এমপি ফারুক বসে আছেন। আর তার সামনে টেবিলে রাখা কুরআন শরীফে হাত রেখে একে একে শপথ করছেন ইউপি চেয়ারম্যানরা। এমপি নিজেই সেই দৃশ্য ভিডিও করে রাখছেন।
কুরআনে হাত রেখে গোদাগাড়ীর দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলকে বলতে শোনা যায়, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনো দিন যাব না। মাননীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী এলাকায় দলীয় সকল কার্যক্রম পরিচালনা করব।’ এরপর তিনি থেমে গেলে এমপি বলেন, ‘নৌকার সঙ্গে বেইমানি করব না।’ তখন কুরআনে হাত রেখে সোহেলও একই কথা বলেন।
শপথ করার সময় চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘আপনার সঙ্গে কোনো দিন বেইমানি করিনি। করবও না।’ তখন এমপি বলেন, ‘হাতটা দিয়ে বলেন।’ এরপর ইউপি চেয়ারম্যান বলেন, ‘আপনার কাছে আমার একটা অনুরোধ আমি দল করেছি কোনো দিন, কখনো শপথ করিনি। আজকে যে শপথ করছি, এর পরে আপনিও আমার মাথার ছাতা হয়ে থাকবেন।’
এভাবে পর্যায়ক্রমে অন্য চেয়ারম্যানরাও শপথ করেন। পরে উপস্থিত ১১ জনের সঙ্গে ছবি তোলেন এমপি ফারুক। এই ছবিতে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাসসহ গোদাগাড়ীর ৯টি ইউপির চেয়ারম্যানদের দেখা যায়।
এদিকে উপজেলা চেয়ারম্যান ও একাধিক ইউপি চেয়ারম্যানের মোবাইল ফোন বন্ধ থানায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শপথ করানোর বিষয়ে জানতে মোবাইলে এমপি ওমর ফারুক চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। মোবাইল সংযোগ কেটে দেন। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে অন্য গণমাধ্যমকে এমপি ফারুক বলেন, আমি কীভাবে বলব কেন তারা শপথ করেছে। তারা চেয়েছে, তাই তারা শপথ করেছে। কাউকে জোর করে শপথ করানো হয়নি।
এদিকে নানা বিতর্কিত কর্মকান্ডের কারণে প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হন এমপি ওমর ফারুক চৌধুরী। গত বছর গোদাগাড়ী উপজেলার এক কলেজশিক্ষককে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্তে শিক্ষককে পেটানোর অভিযোগের সত্যতা মিলেছে। তবে এমপি ওমর ফারুক চৌধুরী শিক্ষককে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮