নিজস্ব প্রতিবেদক: কোম্পানি ঠেকাও, ব্যবসায়ী বাঁচাও—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে স্যানিটারি ব্যবসায়ী মালিকদের বার্ষিক সাধারণ সভা। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক সমস্যা সমাধান এবং কোম্পানির সরাসরি সাইটে পণ্য সরবরাহের কারণে সৃষ্ট প্রতিযোগিতামূলক সংকট মোকাবিলার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাতে রাজশাহী স্যানিটারি ব্যবসায়ী মালিক সমবায় সমিতির উদ্যোগে নগরীর স্টেডিয়াম সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এনায়েতুল্লাহ খান সবুজ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোহেল, সহসভাপতি আবুল সায়েম মনা, কোষাধ্যক্ষ আবু বাক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাহান নাজমুজ সাদাত, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক স্বপন কুমার সাহাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামসুল জামান মতিন। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তারা বলেন, স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। ব্যবসায়ীদের ভ্যাট-ট্যাক্সসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, রাজশাহী চেম্বার অব কমার্সের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ব্যবসায়িক সমস্যা নিয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত আলোচনা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার স্যানিটারি ব্যবসায়ীদের সঙ্গে জেলা শহরের ব্যবসায়ীদের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়।
সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেলস সেক্টরে বিভিন্ন কোম্পানি ও তাদের প্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি। ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানির প্রতিনিধিরা বিভিন্ন নির্মাণাধীন ভবন ও চলমান প্রকল্প পরিদর্শন করে সরাসরি পণ্য সরবরাহের ব্যবস্থা করছেন। এতে স্থানীয় স্যানিটারি ব্যবসায়ীরা ক্রমেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।
বক্তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে কোম্পানির প্রতিনিধিরা ডিলারদের মাধ্যমে মার্কেটিং ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করলেও বড় অঙ্কের অর্ডার পাওয়ার পর স্থানীয় ব্যবসায়ীদের পরিবর্তে সরাসরি কোম্পানি থেকে পণ্য সরবরাহের ব্যবস্থা করেন। এ ক্ষেত্রে ঠিকাদার ও ভবনমালিকদের নামে কাগজপত্র তৈরি করে প্রায় ৩০ শতাংশ কমিশনের বিনিময়ে পণ্য সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
ব্যবসায়ীদের দাবি, এ ধরনের সাইট ডেলিভারি ও সরাসরি বিক্রয় কার্যক্রম স্থানীয় বিনিয়োগকারীদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে। ফলে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে ব্যবসা পরিচালনাকারী স্থানীয় স্যানিটারি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তাঁদের মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে একসময় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবেন।
মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম ফরহাদ বলেন, “আমরা এককভাবে উদ্যোগ নিলে ব্যবসায়িক সমস্যার সমাধান করতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। তাই নিজেদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব।”
সমিতির সহসভাপতি আবুল সায়েম মনা তাঁর বক্তব্যে বলেন, “চোখের সামনে যখন কোনো বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হয়, তখন আমরা স্থানীয় ব্যবসায়ীরা আশায় থাকি। কিন্তু কয়েক মাস পর জানতে পারি, রাতের আঁধারে কোটি টাকার পণ্য কোম্পানি সরাসরি সরবরাহ করেছে। এ ধরনের অনৈতিক বিক্রয় কার্যক্রম চলতে থাকলে স্থানীয় ব্যবসায়ীদের অস্তিত্ব সংকটে পড়বে।”
তিনি আরও বলেন, সাইট ডেলিভারির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিষয়টি চিহ্নিত করে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
সভায় বক্তারা কোম্পানির প্রতিনিধিদের সরাসরি ভবন পরিদর্শন ও নির্মাণাধীন প্রকল্পে পণ্য সরবরাহের বিষয়ে নীতিমালা প্রণয়নের দাবি জানান। পাশাপাশি স্থানীয় ডিলার ও ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় সমিতির পক্ষ থেকে কার্যকর সাংগঠনিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
বক্তারা মনে করেন, পারস্পরিক ঐক্য, সংগঠনের শক্তিশালী ভূমিকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাজশাহীর স্যানিটারি ব্যবসায়ীদের বিদ্যমান সংকট মোকাবিলা করা সম্ভব।


















