নওগাঁর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে খালুর বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিতে গিয়ে বিষধর সাপের কামড়ে নাহিদ হাসান হাসান (৪) নামে এক শিশুর মৃত্যুহয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ হাসান পোরশা উপজেলার সোমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজিনগর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক শাহ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে নাহিদের খালু মতিউর রহমানও সাপের কামড়ে মারা যান।
তাঁর আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে বৃহস্পতিবার কাপাষ্টিয়া গ্রামে যায় শিশু নাহিদ।
রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল নাহিদ। রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।


















