• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৪:২৯

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত নাটোরের অধিবাসী পুলিশ সুপার এস এম ফজলুল হকের প্রথম স্ত্রী মেহনাজ আক্তার নাটোরে নারী নির্যাতন মামলা করেন। ওই মামলায় জামিন চাইলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ওই এসপিকে হাতকড়া না পরিয়ে আদালত থেকে নেওয়া হচ্ছিল কারাগারে। ওই সময় ক্যামেরা পারসনরা ওই এসপিকে কারাগারে নেওয়ার ভিডিও করতে গেলে ক্ষুব্ধ হন তিনি। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নানা কথা বলতে বলতে হামলা করেন ক্যামেরা ও ক্যামেরা পারসনদের ওপর। ওই ঘটনায় তিনজন ক্যামেরা পারসন আহত হলে উত্তেজিত হন সংবাদকর্মীরা। খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশি পাহাড়ায় ওই এসপিকে পাঠানো হয় কারাগারে।

তথ্যমতে, ওই এসপির প্রথম স্ত্রী মেহনাজ আকতার।

মেহনাজের দাবি, ২০০১ সালের ৭ অক্টোবর নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী গ্রামের সাইদুর রহমানের ছেলে এস এম ফজলুল হকের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ১৬ ও ৯ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। ২০২১ সালে র‌্যাবে পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় সেনাবাহিনী সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলার ফোন আলাপ ফাঁস হওয়ার জের ধরে ফজলুল হককে সরকার শাস্তি দেয়। একই বছর তাকে সাময়িক বরখাস্ত করে। ওই সময় তার একাধিক নারীর সঙ্গে পরকীয়া চলছিল। এতে বাঁধা দিলে তিনি স্ত্রী সন্তানদের মারধর শুরু করেন ওই এসপি। ২০২৩ সালে ফজলুল হক পুনরায় ঠাকুরগাঁয়ে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পরে সেখানকার এক নারী কর্মকর্তার সঙ্গে আবারও পরকীয়া সর্ম্পক গড়ে তোলেন। একটি ভাড়া বাসায় সেই নারীর সঙ্গে অবস্থান করার সময় স্ত্রী-সন্তানরা কৌশলে সেখানে উপস্থিত হলে ফজলুল হক ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি থেকে বের করে দেন এমন দাবি তার প্রথম স্ত্রীর।
এছাড়া নানা অনিয়ম ও অনৈতিক কাজে জড়িত থাকায় গত বছরের ১৩ মার্চ তাকে আবারও বরখাস্ত করা হয়। এ ঘটনার পর ফজলুল হক রাজশাহীর বাসায় এসে স্ত্রী সন্তানদের জোর করে অভিযোগ নেই মর্মে লিখিত অঙ্গীকারনামা নেন। ফজলুল হক দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নাটোর শহরের মোহনপুরে বাসা নিয়ে বসবাস করছেন।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২৮ আক্টোবর মেহনাজ আক্তার পুলিশ সুপার ফজলুল হকের বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন, পরকীয়াসহ নানা অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এরপর পুলিশ সুপার ফজলুল হককে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়।

বাদি পক্ষের আইনজীবী মুশফিক হাসান জানান, পুলিশ সুপারের নির্যাতনে ২ কন্যা সন্তান নিয়ে মেহনাজ অসহায় জীবন যাপন করছেন। পুলিশ সুপার ফজলুল হক নাটোর মোহনপুর এলাকায় বসবাস করলেও তার স্ত্রী মেহনাজ রাজশাহীতে বোনের বাসায় থাকেন। স্ত্রী মেহনাজের ওই মামলায় কারাগারে পাঠানো হলো ওই এসপিকে।

নাটোর কোর্টে ক্যামেরা পারসনদের ওপর হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে আদালতের আদেশের পর হাজতে না রেখে কোর্ট পুলিশ ওই আসামিকে কোর্ট ইন্সপেক্টর রুমে বসতে দেয়। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করা হয়। এ সময় সাংবাদিকরা আসামির ছবি ও ভিডিও নিতে গেলে আসামি তাদের ওপর অতর্কিত হামলা করেন। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরা পারসন হাতে চোট পান। উদ্ভূত পরিস্থিতিতে আসামিকে তাৎক্ষণিকভাবে আদালতের হাজতে নিয়ে যায় পুলিশ।

এদিকে ওই ঘটনার পর নাটোরের কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেন। এরপর বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে নাটোর কারাগারে নেওয়া হয়।

এখন টেলিভিশনের ক্যামেরা পারসন জাহিদুল ইসলাম সুমন বলেন, আসামিকে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে নিয়ে যাওয়ার সময় আমরা ভিডিও নিচ্ছিলাম। এ সময় আসামি আমাদের ওপর অতর্কিত হামলা করে ক্যামেরা ভাঙার চেষ্টাও করেন। ক্যামেরা রক্ষা করতে গিয়ে আমাদের হাতেও আঘাত লাগে।

যমুনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি ও নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, একজন আসামির দ্বারা কোর্ট চত্বরে গণমাধ্যমকর্মীদের হামলার শিকার হওয়া দুঃখজনক এবং অপ্রত্যাশিত। তিনজন ক্যামেরাপারসন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না‌। একজন আসামিকে যেভাবে নেওয়া দরকার সেইভাবে যদি সাবেক এসপিকেও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হতো তাহলে আসামি এই হামলা করার সুযোগ পেতেন না।

সর্বশেষ সংবাদ

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ৪:২৯
জামায়াত আমিরের জয়
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ৪:২৯
মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ৪:২৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮