স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি ও মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
গত ২৯ অক্টোবর দুপুর ১টার দিকে মহানগর ডিবি পুলিশ পবা থানার ছোট ভালাম জয়কৃষ্ণপুর গ্রামের মো: আব্দুল গণির মেয়ে ও মো: মোকছেদ আলীর স্ত্রী মোসা: মিতালী বেগম (৩৮)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মিতালীকে গ্রেপ্তার করে। এসময় মিতালীর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৩০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্যে, আসামি মিতালীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় ১টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, মতিহার থানা পুলিশ গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার উপর ভদ্রা গ্রামের মো: ছাদের আলীর ছেলে মো: আকাশ আলী (৩০)-কে গ্রেপ্তার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চরশ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সাজদার আলীর ছেলে মো: সাগর মিয়া (৩২) কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামি আকাশের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি পরস্পরের যোগসাজসে ও একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


















