স্টাফ রিপোর্টার, রাজশাহী: শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় সমস্যায় থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ব্যাটারিচালিত স্কুটি প্রদান করেছে ইউনিভার্সেল অ্যামিটি ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে রাবির সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মো. আজাদ হোসেনের হাতে স্কুটিটি তুলে দেওয়া হয়।
স্কুটি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল অ্যামিটি ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক নাসিম রেজা এবং একই বিভাগের সহকারী অধ্যাপক সুলাইমান চৌধুরী। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন আমিনুল ইসলাম নুর।
স্কুটি পেয়ে শিক্ষার্থী মো. আজাদ হোসেন বলেন, ‘আমার দৈহিক অক্ষমতার কারণে প্রতিদিন ক্লাসে উপস্থিত হওয়া অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছিল। তবে আমি লেখাপড়ার প্রতি আন্তরিক এবং অদম্য চেষ্টা করছি, যেন আমার প্রতিবন্ধকতা কখনো ভবিষ্যৎ গড়ার পথে বাধা না হয়।’
তিনি বলেন, ‘মানবিক সহায়তায় একটি স্কুটির ব্যবস্থা করায় এখন আমার চলাফেরা সহজ হবে এবং শিক্ষাজীবন অনেকটাই স্বস্তিদায়ক হবে, ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য আমার জন্য শুধু একটি যানবাহন নয়, বরং একটি নতুন জীবনের সম্ভাবনা।’
ইউনিভার্সেল অ্যামিটি ফাউন্ডেশন যেন ভবিষ্যতেও অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আজাদ হোসেন। একই সঙ্গে লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনিও মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানান।


















