স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর পোস্ট ছড়িয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ এবং ব্ল্যাকমেইলের অভিযোগে দায়ের করা সাইবার অপরাধের একটি মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়ার পর পলাশ চৌধুরী (৪৮) নামে এক আসামিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে র্যাব-৫, রাজশাহী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মামলার বাদী নুর মোহম্মদ (৩০), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে বাদী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পান, বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীকে নিয়ে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। পরবর্তীতে এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি তিনি মানসিকভাবে হেয়প্রতিপন্ন ও ব্ল্যাকমেইলের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় নুর মোহম্মদ বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাইবার সুরক্ষা আইন, ২০২৫-এর ২৫(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-৫ এবং দায়েরের তারিখ ২ জুলাই ২০২৬।
মামলার তদন্তের অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে র্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রাণীবাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে তদন্তে সম্পৃক্ততা পাওয়া আসামি পলাশ চৌধুরী (৪৮), পিতা- মৃত প্রশান্ত চৌধুরী ও মাতা- পারুল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তার স্থায়ী ঠিকানা রাজশাহী মহানগরীর মালোপাড়া এলাকায় এবং তিনি রাণীবাজারে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া পলাশ চৌধুরী ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব-৫।