স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতর নাম মো: মেহেদী হাসান (২৫)। সে রাজপাড়া থানার কাজীহাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গতকাল ১৯ জুলাই সন্ধ্যার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের একটি টিম মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশের টিম গতকাল সন্ধ্যা ৭ টায় রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সে অবস্থান করছিলো।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





