স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। তিনি হলেন পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।
সোমবার দুপুর দুইটার দিকে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামের মোঃ হান্নানের (৫০) সাথে জমিজমার জের ধরে একই গ্রামের বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিক মেম্বার তার ১০-১২ জন সহযোগী নিয়ে হান্নান ও তার ভাই মান্নানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হান্নানেরা পরিবার-পরিজন নিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। হান্নান ও মান্নান আওয়ামীলীগ সমর্থক বলে জানা গেছে।
ঘটনার টপর এলাকাবাসী পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে তারা এসে আগুন নেভায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বিরালদহ হাতিনাদা গ্রামে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





