স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা কর্তৃক অভিযান পরিচালনা করে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।
গত ২১ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ মহানগরীর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের মো. শহিদুলের ছেলে মো. শাহ পরান (২৮) এবং একই থানার শিরোইল স্টেশনপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে মো. ইব্রাহিম আলী (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে শাহ পরানের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৫২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ইব্রাহিম আলী দীর্ঘদিন ধরে শাহ পরানের সহযোগী হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাহ পরান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি এবং পেনাল কোডের আওতায় ১টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


















