• রাজশাহী, বাংলাদেশ
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে আগাম প্রস্তুতি, দুই সপ্তাহের মশক নিধন অভিযান শুরু হবে: রাসিক প্রশাসক

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:৩৪

ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে আগাম প্রস্তুতি, দুই সপ্তাহের মশক নিধন অভিযান শুরু হবে: রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে মহানগরীর দড়িখরবোনা মোড় ও কাদিরগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

র‌্যালি শেষে নগর ভবন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রাসিক প্রশাসক। তিনি বলেন, “ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। নিজেদের পরিবার ও প্রিয় নগরীকে সুরক্ষিত রাখতে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন আগাম প্রস্তুতি গ্রহণ করছে এবং ডেঙ্গুমুক্ত মহানগর গড়ে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

মাহফুজুর রহমান রিটন বলেন, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে। বর্ষা মৌসুম শুরুর আগেই মশক নিধনে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে হাম-রুবেলা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এবার ডেঙ্গু প্রতিরোধেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

র‌্যালিতে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সিডিসির সদস্য, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী এবং রেড ক্রিসেন্ট ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮