ইফতেখার আলম বিশাল: শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব আরও কার্যকরভাবে পালনের ওপর গুরুত্বারোপ করে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কলেজের সেমিনার কক্ষে “শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি.এম আব্দুল হান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিক্ষকদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আছাদুজ্জামান।
এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষকবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রাশেদ করিম। প্রবন্ধে তিনি শিক্ষার মানোন্নয়নে আধুনিক শিক্ষণ পদ্ধতি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনার শেষে শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের সক্রিয় ও সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।





