
রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট লিখিতভাবে ও মৌখিকভাবে বারবার দাবি জানিয়েছেন রাসিক মেয়র। এছাড়া রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালুর গুরুত্ব তুলে ধরে রেলমন্ত্রীকে কয়েকবার ডিও দিয়েছেন রাসিক মেয়র। সর্বশেষ গত ১০ মে ২০২৪ তারিখে রেলমন্ত্রী মোঃ জিল্লুর হাকিম,এমপি রাজশাহী সফরে আসলে রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বিমান চালুর দাবি সম্বলিত ডিও লেটার প্রদান করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন ও বিমান যোগাযোগ চালু করা আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি। অবশেষে বহুল কাঙ্খিত রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। ২২ জুন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালুর ঘোষণা এসেছে। এই ট্রেন সার্ভিস চালু হলে রাজশাহী তথা উত্তরাঞ্চলের মানুষেরা ব্যাপকভাবে উপকৃত হবেন, বিশেষ করে যারা চিকিৎসা নিয়ে ভারতে যান, তারা ও তাদের স্বজনরা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালুর বিষয়টি চূড়ান্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


















