স্টাফ রিপোর্টার: রাজশাহী সীমান্তের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় কিং মদ এবং ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে রাজশাহী ব্যাটালিয়ন।


















