আব্দুস সাত্তার রানা: রাজশাহীর শিরোইল ঢাকা বাস টার্মিনালে রাজকীয় পরিবহন কাউন্টারে হামলা, ভাঙচুর ও টিকিট বিক্রির ৬০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউন্টারের টিকিট মাস্টার আলাউদ্দিন আলা আহত হয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
কাউন্টার পরিচালনাকারী নিজাম ও রাজিবের অভিযোগ, শিরোইল বাস্তহারা এলাকার সুজন, তার ভাই রিপন, রকি ও ফিরোজসহ কয়েকজন যুবক কাউন্টারে এসে হামলা ও ভাঙচুর চালান। এ সময় কাউন্টারে থাকা টিকিট বিক্রির প্রায় ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তারা।
নিজাম ও রাজিব বলেন, মাঝেমধ্যে যমুনা পরিবহনের কাউন্টার থেকেও টাকা দাবি করা ও নেওয়ার ঘটনা ঘটত। কয়েক দিন ধরে ব্যবসা খারাপ থাকায় টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে কাউন্টারে ভাঙচুর ও টিকিট মাস্টার আলাউদ্দিন আলাকে মারধর করা হয় বলে তারা অভিযোগ করেন।
তাদের দাবি, হামলাকারীদের মধ্যে সুজন ও রিপনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে এবং সুজনের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা চলমান।
কাউন্টার পরিচালনাকারী নিজাম জানান, হামলার ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, হামলায় অভিযুক্তদের মধ্যে কেউ কেউ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। একইভাবে কাউন্টার পরিচালনাকারী নিজাম ও রাজিব নিজেদের ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে পরিচয় দিয়েছেন।
এদিকে ঘটনার পর শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগের বিষয়ে জানতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাবনাম মুস্তারিকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


















