স্যান্ডেল দিয়ে পেটানো, গলা চেপে হত্যাচেষ্টার দাবি; থানায় এজাহার
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ ভবনে গ্রাম আদালতের বৈঠক চলাকালে সাংবাদিক এস এম জিয়াউল কবীরের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁকে স্যান্ডেল দিয়ে মারধর, ইট-পাথর দিয়ে আঘাত এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় জিয়াউল কবীর বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে দামকুড়া থানায় এজাহার দিয়েছেন। এতে দণ্ডবিধির ৩০৭, ৫০৬(২), ৪৯৯, ৫০০, ৫০৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, পূর্বের একটি ফৌজদারি মামলা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গত ১০ সেপ্টেম্বর হরিপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বৈঠক বসে। বৈঠকে সমঝোতার প্রস্তাব নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আসামিরা জিয়াউল কবীরের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, একপর্যায়ে এক আসামি পায়ের স্যান্ডেল খুলে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। অপর দুই আসামি তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ইট-পাথর দিয়ে আঘাত করেন। একই সঙ্গে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপস্থিত কয়েকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। হামলার পুরো ঘটনা ইউনিয়ন পরিষদের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে এজাহারে উল্লেখ করে ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণের দাবি জানানো হয়েছে।
জিয়াউল কবীর রাজশাহী নগর প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।
দামকুড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, আলামত সংগ্রহ এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


















