বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জ্বালানি সংকটের প্রভাব রুয়েটে, হলের ডাইনিংয়ে বন্ধ রান্না

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৩, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

রুয়েট প্রতিনিধি: দেশব্যাপী গ্যাস সরবরাহে সংকটের প্রভাব পড়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোর ডাইনিং কার্যক্রমে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের মিল সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে হলটির প্রায় পাঁচ শতাধিক আবাসিক শিক্ষার্থীর খাবার ব্যবস্থাপনায় ভোগান্তি তৈরি হয়েছে। সংকট দীর্ঘায়িত হলে গ্যাসনির্ভর অন্যান্য হলের ডাইনিং কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব আবাসিক হলে বিকল্প হিসেবে খড়ি বা লাকড়ি দিয়ে রান্নার ব্যবস্থা রয়েছে, সেসব হলে আপাতত বিকল্প জ্বালানি ব্যবহার করে ডাইনিং কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হচ্ছে। তবে যেসব হলে এ ধরনের ব্যবস্থা নেই, সেখানে গ্যাস সরবরাহ দীর্ঘসময় বন্ধ থাকলে রান্না ও নিয়মিত মিল সরবরাহ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

গ্যাস সংকটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “গ্যাস সরবরাহে যে সাময়িক সংকট সৃষ্টি হয়েছে, সে বিষয়ে পশ্চিমাঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। চট্টগ্রামের এলপিজি টার্মিনাল-সংক্রান্ত জটিলতার কারণে এ সংকটের সৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন। যেহেতু এটি কেন্দ্রীয় সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট, তাই পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।”

তিনি আরও বলেন, “যেসব আবাসিক হলে বিকল্প হিসেবে খড়ি বা অন্য কোনো রান্নার ব্যবস্থা রয়েছে, সেসব হলে ডাইনিং কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হচ্ছে। সংকট দীর্ঘস্থায়ী হলে যেসব হলে বিকল্প ব্যবস্থা নেই, সেখানে অস্থায়ীভাবে বাইরে চুলা স্থাপনসহ প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে, যেন শিক্ষার্থীদের খাবারের কোনো সমস্যা না হয়।”

এদিকে পশ্চিমাঞ্চলের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গ্যাস সরবরাহে সাময়িক ব্যাঘাত জাতীয় পর্যায়ের একটি সমস্যার অংশ। চট্টগ্রামের মহেশখালী গ্যাস সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দুর্ঘটনাজনিত সমস্যার পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ফলে আবাসিক ও সাধারণ ভোক্তা পর্যায়ে গ্যাসের চাপ ও সরবরাহ—উভয়ই কমে গেছে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে দুপুর ও রাতের মিল সরবরাহ স্থগিত করা হয়েছে। অন্যদিকে যেসব হলে বিকল্প জ্বালানির ব্যবস্থা রয়েছে, সেখানে খড়ি বা অন্যান্য উপায়ে রান্না করে ডাইনিং কার্যক্রম সচল রাখার চেষ্টা চলছে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে বিলম্ব হলে এসব বিকল্প ব্যবস্থা কতদিন কার্যকরভাবে চালু রাখা সম্ভব হবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

হলটির আবাসিক শিক্ষার্থী ও যন্ত্রকৌশল বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওমর বলেন, “কোনো ধরনের পূর্ব নোটিশ বা বিকল্প ব্যবস্থার বিষয়ে আমাদের অবহিত না করেই ডাইনিংয়ে রান্না বন্ধ করা হয়েছে। আমি নিয়মিত ডাইনিংয়ে খাবার গ্রহণ করি। হঠাৎ এ সিদ্ধান্তের কারণে আমরা বেশ ভোগান্তিতে পড়েছি। বাইরে থেকে খাবার সংগ্রহ করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ অথবা গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে ডাইনিং আগের মতো চালু হবে-এটাই প্রত্যাশা করছি।”

আবাসিক হলের ডাইনিংয়ের ওপর নির্ভরশীল শিক্ষার্থীদের জন্য গ্যাস সংকট সরাসরি দৈনন্দিন খাবারের ব্যবস্থায় প্রভাব ফেলছে। ডাইনিং কার্যক্রম বন্ধ থাকলে শিক্ষার্থীদের হলের বাইরে খাবারের ব্যবস্থা করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি তাদের নিয়মিত জীবনযাত্রায়ও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সংকট দীর্ঘস্থায়ী হলে যেসব হলে বর্তমানে বিকল্প রান্নার ব্যবস্থা নেই, সেখানে অস্থায়ীভাবে চুলা স্থাপনসহ প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ছিনতাই-ডাকাতি দমনে আজ থেকেই মাঠে যৌথ বাহিনী: আইজিপি

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

বিবি হিন্দু একাডেমির ছাদে প্রধান শিক্ষকের দৃষ্টিনন্দন সবুজ বাগান

বিবি হিন্দু একাডেমির ছাদে প্রধান শিক্ষকের দৃষ্টিনন্দন সবুজ বাগান

বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা

রাবিতে সাংবাদিকদের উপরও হামলা চালালো শিক্ষার্থীরা

পাকিস্তানকে বিদায় করতে ইচ্ছা করে হেরেছে ভারত!

পাকিস্তানকে বিদায় করতে ইচ্ছা করে হেরেছে ভারত!

বেবি বাম্পের ছবি প্রকাশ, বুবলীর মা হওয়ার গুঞ্জন কি সত্যি?

রাজশাহীতে যুবলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৩

অর্ধনগ্ন-বিকৃত ছবি ভাইরাল, দেব অনুরাগীদের বিরুদ্ধে বয়ান জিনিয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় মূলহোতা গ্রেপ্তার