বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৯ ঘণ্টার অবরোধে ১৬ ট্রেনের যাত্রা ব্যাহত, ক্ষতি ৩৫ লাখ টাকা

প্রতিবেদক
sonynews
জুলাই ২৩, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গত ২১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা রেল অবরোধের কারণে রেলওয়ের প্রায় ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ সময়ে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও রহনপুর স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী এবং দেশের বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জমুখী ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন ১ ঘণ্টা থেকে সোয়া আট ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া রেল অবরোধের কারণে দুটি আন্তঃনগর ও ৪টি কমিউটার ট্রেনের পূর্বনির্ধারিত যাত্রা বাতিল করতে হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন রেল ভ্রমণকারী ২০ হাজার যাত্রী।

বৃহস্পতিবার বিকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এসব ট্রেন দীর্ঘসময় অবরোধের কারণে যাত্রী সাধারণের চরম ভোগান্তির পাশাপাশি ট্রেন চলাচলে পূর্বনির্ধারিত সিডিউল ব্যাপকভাবে ভেঙে পড়ে; যা পরবর্তী ৭২ ঘণ্টাতেও স্বাভাবিক করা সম্ভব হয়নি। এতে রেল যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাতে ফোরকান উদ্দিন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ঢাকা থেকে রাজশাহীর মধ্যে চলাচলকারী পদ্মা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন। ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে টিটিইসহ রেলকর্মীদের হাতে মারধরের শিকার হন ফোরকান। এ ঘটনার প্রতিবাদে ২১ জুলাই সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে রেল অবরোধ করে রাবি শিক্ষার্থীরা। বিকাল ৪টা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকে।

পরে পশ্চিম রেলওয়ের কর্মকর্তারা অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িক বরখাস্ত করে ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। গঠন করেন তিন সদস্যের একটি তদন্ত কমিটি। ওই দিন বিকাল ৪টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়া হয়।

পশ্চিম রেলওয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, ২১ জুলাই ৯ ঘণ্টার রেলপথ অবরোধের ফলে মুমূর্ষু রোগী, অসুস্থ মানুষ, নারী ও শিশু এবং বিদেশগামী যাত্রীসহ প্রায় ২০ হাজার রেলযাত্রী দুর্বিষহ ভোগান্তির মধ্যে পড়েন। অনাকাঙ্ক্ষিত এই যাত্রী দুর্ভোগের কারণে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

কর্মকর্তারা আরও বলছেন, রেলওয়ের কোনো কর্মকর্তা কর্মচারীর অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ বা ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরের নিয়ম রয়েছে। কর্তৃপক্ষ অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের ঘটনার যথাযথ প্রতিকার করে থাকেন; কিন্তু সেই পথে না গিয়ে রেলপথ অবরোধ করে হাজার হাজার রেলযাত্রীকে জিম্মি করে এবং তাদের দুর্ভোগের কবলে পতিত করা কোনোভাবেই কাম্য নয়। এতে একদিকে যেমন বিভিন্ন গন্তব্যগামী হাজার হাজার মানুষের সময় ও উদ্দেশ্য ব্যাহত হয় তেমনি রেলওয়ের মতো জাতীয় সম্পদের বিপুল আর্থিক ক্ষতি হয়। সুষ্ঠুভাবে ট্রেন চলাচল ও যাত্রী সেবা নিশ্চিতে রেলওয়ে কর্তৃপক্ষ সব নাগরিকের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন।
শিরোনাম

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত