রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি এবং অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করায় দুইটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পবা উপজেলার নওহাটা ও বায়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নওহাটার তাজ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বায়া বাজারের সামিউল খালেক বেকারিকে গুণগত মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই জানায়, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।