• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০১

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

অনলাইন ডেস্ক: গত ডিসেম্বরে আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ টাকায় বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারত আইপিএলে মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায়; ৭ জানুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল, টিম অফিসিয়াল, সাংবাদিক এবং সমর্থকদের নিরাপত্তা নিয়ে পড়ে যায়। নিরাপত্তা ইস্যুর কারণেই বাংলাদেশ চেয়েছিল ভারতে না গিয়ে পাকিস্তানের মতো শ্রীলংকায় গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে।

বিশ্বকাপ এবং এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেললেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে শ্রীলংকায় খেলার সুযোগ দেওয়া হয়নি। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়- ভারতে গিয়ে বিশ্বকাপ না খেললে বাদ পড়ে যাবে বাংলাদেশ। আইসিসির এই দ্বিমুখী আচরণের কারণেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় বাংলাদেশ।

তবে বাংলাদেশ দলের এই ভেন্যু পরিবর্তন ইস্যুতে শুরু থেকেই সমর্থন করে আসছে প্রতিবেশী দেশ পাকিস্তান। এমনকি আইসিসি বাংলাদেশ দলের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আইসিসিতে বিভিন্ন বোর্ডের কর্তাদের উপস্থিতিতে ভোটাভুটি করে। সেখানে একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ দলের পক্ষে ভোট দেয়। যে কারণে আইসিসির চক্ষুশূল হয়ে পড়ে পাকিস্তান।

পাকিস্তান শুধু বাংলাদেশ দলের পক্ষে ভোট দেওয়াই নয়, বিশ্বকাপ বর্জন করতেও চেয়েছিল। কিন্তু বিশ্বকাপ বয়কট করলে চরম বিপদে পড়ে যেতো। তাই বিশ্বকাপ বয়কট না করে, বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ দলের সমর্থনে পাকিস্তানের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। এক্সে দেওয়া বার্তায় ইউসুফ লিখেছেন, ‘সরকারের জন্য এই অবস্থানটি কঠিন হলেও দরকারি ছিল। বাণিজ্যিক স্বার্থের আগে মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ব ক্রিকেটে যে ‘সুবিধাবাদী’ প্রভাব কাজ করছে, তা বন্ধ না হলে সত্যিকার অর্থেই ক্রিকেট বৈশ্বিক হতে পারবে না। আমরা গর্বের সঙ্গে খেলি, পাশাপাশি খেলাধুলায় সমতা ও ন্যায়ের পক্ষেও দাঁড়াতে হয়।’

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর ইউসুফ লিখেছিলেন, ‘এই খেলাটি (ক্রিকেট) বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল। সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষা করা (আইসিসির) ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’

সর্বশেষ সংবাদ

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:০১
প্রচণ্ড রাগের সময় কী করবেন?
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:০১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮