স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের (উভয় শিফট) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনস্টিটিউটের খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কারিগরি শিক্ষায় জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের উন্নয়নে দক্ষ জনশক্তি হিসেবে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান।
নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয় এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


















