স্টাফ রিপোর্টার: নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৭ সেপ্টেম্বর উপজেলার নাটশাল ফুটবল মাঠে জাতীয় আদিবাসী পরিষদ ও নাটশাল কারাম উৎসব উদ্যাপন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বেলা তিনটায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি ফিতা কেটে কারাম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।আদিবাসীদের নিজস্ব ভাষা চর্চা, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। প্রধান আলোচক ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি।
জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপঙ্কর উরাও।
অনুষ্ঠানে অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির পরিচালক জগেন্দ্রনাথ টপ্প্য, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধীর তির্কী, সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার জাতীয় আদিবাসী নারী পরিষদের নেত্রী নীতি মূর্মু, সাপাহার উপজেলা কমিটির সভাপতি স্বপন কুজুর, গবেশ টপ্প্যসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য দেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্র ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে কারাম উৎসবের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজস্ব ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে। আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়,
পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
নাটশাল কারাম উৎসব উদ্যাপন কমিটি ও জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁ জেলা কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি।


















