স্টাফ রিপোর্টার: ১৮ মে ২০২৬(সোমবার), স্কুল ছুটি হতেই হুড়োহুড়ি। সকাল আনুমানিক পৌনে এগারোটার সময় রাজশাহী মহানগরের শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের লিফটে চড়ে নিচে নামছিল কোমলমতি শিশুরা। কিন্তু আচমকাই মাঝপথে থমকে গেল লিফট! ভেতরে আটকে পড়লো প্রায় ২৫ জন শিশু শিক্ষার্থী। মুহূর্তেই পুরো স্কুল চত্বরে ছড়িয়ে পড়লো তীব্র আতঙ্ক!
অথচ প্রতিদিনের মতোই ছুটি শেষে বাড়ি ফেরার আনন্দে মেতেছিল শিশুরা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি মাঝপথে আটকে যাওয়ায় আনন্দ রূপ নেয় ভয়াবহ আতঙ্কে। ভেতরে ভয়ে কান্নাকাটি শুরু করে অবুঝ শিশুরা, আর বাইরে তখন অভিভাবকদের চরম উদ্বেগ উৎকণ্ঠা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র একটি দল। দ্রুত শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধার কাজ। লক্ষ্য একটাই—শিশুদের গায়ে যেন একটি আঁচড়ও না লাগে। উদ্ধারকাজে গতি আনতে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। এরপর দুই বাহিনীর যৌথ ও সমন্বিত প্রচেষ্টায় অত্যন্ত সতর্কতার সাথে খোলা হয় লিফটের দরজা।
অবশেষে অবসান হলো দীর্ঘ উৎকণ্ঠার। একে একে অক্ষত ও নিরাপদে বের করে আনা হলো প্রতিটি শিশুকে। কলিজার টুকরোদের ফিরে পেয়ে চোখে আনন্দের জল নিয়ে আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজশাহীর এই ঘটনায় বাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করেন।





