• রাজশাহী, বাংলাদেশ
  • ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী মহানগর উন্নয়ন ও পশ্চিমাঞ্চল রেলে অবকাঠামোগত উদ্যোগের প্রেক্ষাপট

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১:২৩

রাজশাহী মহানগর উন্নয়ন ও পশ্চিমাঞ্চল রেলে অবকাঠামোগত উদ্যোগের প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার পর রাজশাহী মহানগরীর পরিকল্পিত উন্নয়নে যেসব রাজনৈতিক নেতার ভূমিকা আলোচনায় আসে, তাদের মধ্যে মিজানুর রহমান মিনু অন্যতম। নব্বইয়ের দশক থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে রাজশাহীর অবকাঠামোগত উন্নয়ন, নগর ব্যবস্থাপনা ও যোগাযোগ খাতে যেসব পরিবর্তন এসেছে, তার সঙ্গে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।

১৯৯১ সালের ২১ মে প্রথমবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি নগরীর যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, ক্রীড়া অবকাঠামো, আবাসন, চিকিৎসা ও কর্মসংস্থানের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন। ধারাবাহিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী মহানগরীতে সড়ক, ড্রেনেজ ও নাগরিক সেবার পরিধি বিস্তৃত হয়।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রাজশাহী-২ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। এমপি নির্বাচিত হওয়ার পর তিনি রাজশাহীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষভাবে রেল খাতকে গুরুত্ব দেন। সে সময় পশ্চিমাঞ্চল রেলের অবকাঠামো ছিল জরাজীর্ণ ও অপর্যাপ্ত সুবিধাসম্পন্ন।

এমপি নির্বাচিত হওয়ার দেড় বছরের মধ্যেই রাজশাহীর আধুনিক রেল স্টেশন ও রেল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০৩ সালে প্রায় ১৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ স্থাপনার উদ্বোধন করেন। বর্তমানে ব্যবহৃত রাজশাহী রেল স্টেশন ও রেল ভবনটি সেই প্রকল্পেরই অংশ।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (প্রকৌশলী) ফরিদ আহমেদ বলেন, “গত প্রায় দুই দশকে পশ্চিমাঞ্চল রেলে বড় ধরনের অবকাঠামো উন্নয়ন হয়নি। সর্বশেষ বড় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছিল তৎকালীন রাজশাহী সদর আসনের এমপি মিজানুর রহমান মিনুর সময়ে।” তিনি জানান, বর্তমানে বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ এবং আব্দুলপুর-রাজশাহী ডাবল রেললাইন প্রকল্পসহ কয়েকটি পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

রেল কর্মকর্তাদের মতে, এসব প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক সহায়তা ও কার্যকর সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের আশা, আগামী দিনে পশ্চিমাঞ্চল রেলের অবকাঠামো উন্নয়নে আবারও নতুন উদ্যোগ নেওয়া হবে।

রাজশাহী মহানগরীর উন্নয়ন ইতিহাসে মিজানুর রহমান মিনুর সময়কালের অবকাঠামোগত উদ্যোগগুলো এখনো আলোচনায় থাকে এবং বর্তমান উন্নয়ন বাস্তবতায় সেগুলোকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮