নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে দুটি ওয়ান শুটার গান ও ২ কেজি ২০০ গ্রাম গান পাউডারসহ মোঃ রাকিবুল ইসলাম (২৩) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার ( ১ জুন) দুপুরে র্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে দামকুড়া থানাধীন নতুন কসবা নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মোঃ রাকিবুল ইসলাম নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখোটা মোড় এলাকার মোঃ হাবিলের ছেলে। তার গ্রামের বাড়ি গোদাগাড়ীতে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসির মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী হতে অবৈধ মাদকদ্রব্যসহ ব্যাটারিচালিত ইজিবাইক যোগে রাজশাহী মহানগরীর দিকে যাচ্ছে।
উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দল দামকুড়া থানাধীন নতুন কসবা গ্রামস্থ আন্ধারকোটা মোড়ে চেকপোস্ট পরিচালনা করে রাকিবুল ইসলামকে আটক করে এবং উক্ত ইজিবাইক তল্লাশী করে সীটের নিচে লুকানো অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও ২ কেজি ২০০ গ্রাম গানপাউডার উদ্ধার করে।
র্যাব আরও জানায়, সে একজন কুখ্যাত অস্ত্র কারবারী। পেশায় একজন ইজিবাইক চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডামকুড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।





