অনলাইন ডেস্ক: দ্রব্যমূল্য বৃদ্ধির একটি কারণ পণ্য পরিবহনে চাঁদাবাজি। তাই এ বিষয়ে খুবই শক্ত ব্যবস্থা নিতে সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দুর্নীতি দমনে ব্যবস্থা নেওয়া, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া, কর আদায়ের আওতা বাড়ানোসহ সচিবদের প্রতি আরও একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘সচিব সভায়’ এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সচিব এবং জনপ্রশাসনকে সামগ্রিকভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অভিযাত্রা সুসংহত হয়েছে।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নির্ধারিত কোনো আলোচ্য বিষয় থাকে না। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সব সচিব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৫ থেকে ১৬ জন সচিব বক্তব্য দেন। এর আগে সর্বশেষ ২০২২ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সচিব সভা হয়েছিল।
বৈঠক সূত্রে জানা গেছে, সচিবদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, বাণিজ্যসচিব, কৃষিসচিব, খাদ্যসচিব, অর্থসচিব, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ ১১ সচিব নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলে এই বৈঠক।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় প্রথমে নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়। তারপর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আসন্ন রমজানের প্রস্তুতি নিয়ে অবহিত করা হয়।।
খাদ্যনিরাপত্তা পরিস্থিতি, কৃষি উৎপাদন ও সার ব্যবস্থাপনা, কর্মমুখী শিক্ষা, নতুন শিক্ষাক্রম ও কর্মসংস্থান, বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানিনিরাপত্তা, আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতের দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এর ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন।
সনি বাংলা ডট কম/ই আবি


















