স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, যারা পরিস্থিতি খারাপ করার জন্য অকারণে রাজশাহী রেলওয়ে স্টেশনের সরকারী সম্পদ হামলা ও ভাংচুর চালিয়ে নষ্ট করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, রাজশাহী শান্তির শহর। এখানে সবাই মিলেমিশে থাকে। কিন্ত একটি বিষয়কে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশন উস্কানিতে ভাংচুর করা হয়েছে। যারা করেছে এটা ঠিক করেনি। সরকারী সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই। একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই কমিটির রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে এসেছিল। তাদেরকে হামলাকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এদের রাজশাহীবাসী সমুচিত জবাব দেবে।
এর আগে তিনি রেলওয়ে স্টেশনে পৌঁছালে নেতাকর্মীরা ও স্টেশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান এবং অবকাঠামোগত ভাংচুর পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন। তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, টিকেট কাউন্টার, ভাংগাচোরা জিনিসপত্র, ওয়েটিং রুম এবং প্যাসেঞ্জার লাউঞ্জ ঘুরে দেখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের এমপি এড. মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন,
সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, এ্যাড আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, , মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী নগর ও থানা বিএনপির অন্যান্য নের্তৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের জেরে রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর করে। পরিস্থিতি সামাল দিতে রাসিক প্রশাসকসহ অন্যান্য বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলেও পরিস্থিতি শান্ত করতে বেগ পান তারা। এ ঘটনায় চারজনকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সে সময় তিনি রাজশাহীতে না থাকায় বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা থেকে রাজশাহীতে এসে রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।


















