পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ শাহানাজ পারভীন বীনা (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের চকপলাশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই কিশোরও আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে চকপলাশী এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী শাহানাজ পারভীন বীনাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী মোঃ খালেদ (১৪) ও মোঃ নিরব (১৭) আহত হয়।
আহত শাহানাজকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত দুই কিশোরকে প্রাথমিক চিকিৎসার জন্য একই স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত শাহানাজ পারভীন বীনা চকপলাশী গ্রামের মোঃ শফিকুল ইসলামের স্ত্রী। আহত খালেদ ও নিরবের বাড়ি পুঠিয়ার সৈয়দপুর এলাকায়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


















