মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৬, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে ভুক্তভোগীর স্বাক্ষরকৃত তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প, নগদ ও বিকাশের মাধ্যমে উত্তোলন করা ২৬ হাজার টাকা উদ্ধার এবং আরও ১ লাখ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি (আরডি মার্কেটের পিছনে) এলাকার মোঃ শাহিন রেজা ইমরানের স্ত্রী ও মৃত মুসলিম উদ্দিনের মেয়ে, বর্তমানে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় বসবাসরত সুলতানা (৩৯) এবং রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর থান্দারপাড়া এলাকার মৃত কছের মন্ডলের ছেলে, বর্তমানে তেরখাদিয়া ডাবতলা এলাকায় বসবাসরত মোঃ আসলাম আলী (৫৫)।

জানা যায়, ভুক্তভোগী মোঃ মনোয়ার হোসেন মানুর সঙ্গে প্রায় দুই মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে সুলতানার পরিচয় ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ০৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সুলতানা তাকে তার বাসায় দাওয়াত দেন। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে ভুক্তভোগী ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে সুলতানার ভাড়া বাসায় যান।

ভুক্তভোগী বাসায় প্রবেশের পর সেখানে আগে থেকেই আরও দুই ব্যক্তি অবস্থান করছিলেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই বাসার দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আসামিরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন এবং তাদের মধ্যে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। পরে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে সাধারণ জখম করেন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বাধ্য করা হয়। এ সময় তার নগদ হিসাবে ১৩ হাজার ৫০০ টাকা এবং বিকাশ হিসাবে ১৩ হাজার ২০০ টাকা, সর্বমোট ২৬ হাজার ৭০০ টাকা পাঠানো হয়। পরে আসামিরা ওই হিসাব থেকে এজেন্টের মাধ্যমে ২৬ হাজার ৩০০ টাকা উত্তোলন করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা আরও টাকা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ১০০ টাকা মূল্যমানের তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় এজাহার দায়ের করেন।

মামলার তদন্তকালে গত ০৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে সুলতানার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে সুলতানা ও মোঃ আসলাম আলীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন, ভুক্তভোগীর স্বাক্ষরকৃত তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ভুক্তভোগীর নগদ ও বিকাশ হিসাব থেকে উত্তোলন করা ২৬ হাজার টাকা উদ্ধার এবং সুলতানার দেখানো শপিং ব্যাগ থেকে ১ লাখ ৮ হাজার টাকা বিধি মোতাবেক জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি আসলাম আলীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। এছাড়াও মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - আইন