স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও হেরোইন সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রাজপাড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে ৩৯ পুরিয়া গাঁজাসহ ১১ জনকে আটক করে। দণ্ডপ্রাপ্তরা হলেন— গাইবান্ধার পলাশবাড়ীর নুর আলম (২৬), রাজপাড়ার শ্রীরামপুরের শামীম (৩০), শ্রীরামপুরের ইমরান (২১), দামকুড়ার বেরপাড়ার রুবাইয়াদ আহম্মেদ (২০), বোয়ালিয়ার রানীবাজারের আজিম (২৬), চাঁপাইনবাবগঞ্জের বেলীপুকুরের আরিফ (২৬), কাশিয়াডাঙ্গার মিয়াপুরের সাবিউল ইসলাম (৩০), রাজপাড়ার আকসানগরের আশিক (২২), রাজপাড়ার দাশপুকুরের কাউসার (২২), বর্তমানে বোয়ালিয়ার নিউমার্কেট এলাকার বাসিন্দা আলামিন (১৮) এবং মোহনপুরের মোহাব্বতপুরের ইমান (১৮)। তাদের ১ থেকে ৭ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া লেকপাড় এলাকায় পৃথক অভিযানে টুলটুলিপাড়ার হৃদয় (২২) ও বোয়ালিয়ার তাইলমারীর কামরুল ইসলামকে (৫৫) গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে তাদের এ সাজা দেওয়া হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক-সংক্রান্ত অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।