স্টাফ রিপোর্টার: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে ১৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় আরডিএর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই নবনিযুক্ত আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান ১৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সদস্যরা। এ সময় তাঁরা চেয়ারম্যানের নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সফলতা কামনা করেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট বলেন, মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যের মাধ্যমে অনেক সমস্যারই সমাধান সম্ভব। তিনি বলেন, “আমি আপনাদের ভাই হিসেবে সবসময় পাশে থাকতে চাই। আপনারাও আমার পাশে থাকবেন। আমরা সবাই মিলে মানুষের কল্যাণে কাজ করব এবং এলাকার সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করব।”
তিনি আরও বলেন, আমাদের নেত্রী দীর্ঘদিন নানা কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতি করেছেন এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা এখনো তাঁর মতো ত্যাগ স্বীকার করতে পারিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। আমরাও প্রতিহিংসা ভুলে মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আরডিএ চেয়ারম্যান বলেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে যেন তিনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন, সে জন্য তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।
সভায় বক্তব্য দেন সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কিন্তু দীর্ঘদিন সেই সমস্যাগুলো তুলে ধরার মতো আপনজন ছিল না। এখন আমরা আমাদের কথা বলার এবং সমস্যার কথা জানানোর জন্য নিজের একজন মানুষকে পেয়েছি। আমরা আশা করি, জনগণের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
নারী সদস্যদের পক্ষ থেকে একজন বক্তা এলাকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি নারীদের উন্নয়ন ও অগ্রগতির জন্য আরডিএ চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ, দিন মোহাম্মদ সুইট, সাইফুল ইসলাম, মঞ্জুরুল আলম ভুটান, মোছা. আশা, পপি, সুরাইয়াসহ ১৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং নারী সমাজের অংশগ্রহণ আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।